| How to use Saudi Visa Bio App for Biometric Registration for Umrah and Hajj | ||||
|
|
||||
|
|
||||
|
|||||||||
|
“Saudi Visa Bio” (সৌদি ভিসা বায়ো) অ্যাপ ব্যবহারের নিয়ম (ওমরাহ বা হজের জন্য বায়োমেট্রিক রেজিস্ট্রেশন): “Saudi Visa Bio” অ্যাপ দিয়ে ওমরাহ বা হজ্জ করার জন্য বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করতে অনেকের বেশ সমস্যা হতে পারে৷ তাই আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি যাতে অন্যদের জন্য এই অ্যাপ ব্যবহার করাটা সহজ হয়৷ অ্যাপ ডাউনলোড করা: গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে saudi visa bio লিখে সার্চ করুন৷ 1. বাংলাদেশ থেকে এই অ্যাপ ডাউনলোড করা সহজ কিন্তু বাংলাদেশের বাইরে কিছু কিছু দেশ থেকে এই অ্যাপ ডাউনলোড করা যায় না! আপনি বাংলাদেশ থেকে এই অ্যাপ ব্যবহার করলে পরের ধাপে (ইমেইল ভেরিফিকেশন-এ) চলে যান৷ বাংলাদেশের বাইরে থেকে ডাউনলোড করতে সমস্যা হলে সেক্ষেত্রে আইফোন বা আইপ্যাড ব্যবহার করলে কাজটা সহজে করা যায়৷ আইফোন বা আইপ্যাডের সেটিংসে গিয়ে আপনার দেশ হিসেবে Indonesia নির্বাচন করুন৷ পেমেন্ট অপশন “None” নির্বাচন করুন, কিন্তু ঠিকানার ঘরগুলো পূরণ করতে হবে নাহলে দেশ পরিবর্তন করা যাবে না৷ অনলাইনে ইন্দোনেশিয়ার যেকোনো হোটেলের/দোকানের/বাসার ঠিকানা খুঁজে বের করে দিয়ে দিন৷ অ্যানড্রয়েড ব্যবহারের ক্ষেত্রে গুগল প্লে স্টোরে দেশ পরিবর্তন করা খুব ঝামেলার কাজ, আমি সেই চেষ্টা করিনি৷
ইমেইল ভেরিফিকেশন: 1. “Start Self Enrollment” অপশন অ্যাপের প্রথম স্ক্রিনে দেখতে পাবেন না! খুঁজেও পাবেন না! এটা দেখতে হলে প্রথম স্ক্রিনে নিচের দিকে স্ক্রল করতে হবে৷ 2. আপনার ইমেইল ঠিকানা খুব ভালোভাবে চেক করে দেখবেন যাতে ইমেইল ঠিকানা সঠিক থাকে৷ 3. কনফার্মেশন ইমেইল আসতে অনেক সময় লাগে! আমার প্রায় 20 থেকে 30 মিনিট সময় লেগেছে৷ এই সময়ে “Saudi Visa Bio” অ্যাপ বন্ধ করবেন না৷ অনেকক্ষণ ধরে ইমেইল না পেলেও, আবার অ্যাপে ফিরে গিয়ে পুনরায় ইমেইল পাঠাতে বলবেন না৷ এতে ঝামেলা বাড়বে, কাজ হবে না৷ শুধু ধৈর্য ধরে অপেক্ষা করুন৷ 4. কিছুক্ষণ পর পর ইমেইল চেক করুন৷ 5. ইমেইল পাওয়া মাত্র ইমেইলে থাকা “Click Here To Verify” লিংকে ক্লিক করুন৷ সময় নষ্ট করবেন না৷ “Saudi Visa Bio” অ্যাপ যে ফোনে/ট্যাবলেটে/ডিভাইসে খোলা আছে, সেই একই ডিভাইসে “Click Here To Verify” লিংকে ক্লিক করতে হবে৷ নাহলে কাজ করবে না৷
পাসপোর্ট স্ক্যানিং: 1. পাসপোর্টের শুধু ছবিওয়ালা পাতা স্ক্যান করতে হবে৷ স্ক্রিনের ওপর দেখানো আয়তাকার ঘরের মধ্যে পাসপোর্টের ছবিওয়ালা পাতা ফিট করার চেষ্টা করুন৷ কোনো বাটন চাপতে হবে না৷ অ্যাপ নিজেই স্ক্যান করে মেসেজ দেখাবে৷ 2. স্ক্যান করার সময় খেয়াল রাখবেন যাতে পাসপোর্টের পাতা থেকে আলো রিফ্লেকশন না হয়৷ 3. পাসপোর্টের পাতা সোজা থাকতে হবে৷ Curve অর্থাৎ বাঁকানো থাকলে হবে না৷
মুখ/চেহারা স্ক্যান করা: 1. ফোনের/ডিভাইসের সামনের বা পিছনের ক্যামেরা ব্যবহার করতে পারেন৷ অন্য কেউ আপনার মুখ/চেহারা স্ক্যান করে দিতে পারবে৷ ক্যামেরা খোলা থাকা অবস্থায় ফোনের স্ক্রিনে নির্দেশনা দেখাবে৷ সেগুলো অনুসরণ করুন৷ কোনো বাটন চাপতে হবে না৷ অ্যাপ নিজেই স্ক্যান করে মেসেজ দেখাবে৷ 2. অ্যাপ আপনার মুখের চেহারা পাসপোর্টের ছবির সাথে ম্যাচ করবে! তাই আপনার মুখ যতটা সম্ভব পাসপোর্টের ছবির মতো করুন৷ আমার পাসপোর্টের ছবিতে দাঁড়ি-গোঁফ নাই - একদম ক্লিন শেভ করা৷ কিন্তু এখন আমার দাঁড়ি-গোঁফ আছে! অ্যাপ আমার ছবি ম্যাচ করতে পারছিল না! আমি দ্রুত গোঁফ কেটে, দাঁড়ি যথাসম্ভব ছোট করে আবার চেহারা স্ক্যান করার চেষ্টা করি, এবং সফল হই - আলহামদুলিল্লাহ! আঙুল স্ক্যান করা: 1. বুড়ো আঙুল স্ক্যান করা সহজ৷ ফোনের পিছনের ক্যামেরার সামনে বুড়ো আঙুল স্থির করে ধরে রাখুন যাতে বুড়ো আঙুলের প্রথম অর্ধেক অংশ ফোনের স্ক্রিনে দেখানো আঙুলের আউটলাইনের মধ্যে থাকে৷ 2. এখানেও কোনো বাটন চাপতে হবে না৷ অ্যাপ নিজেই স্ক্যান করে মেসেজ দেখাবে৷ 3. চার আঙুল একসাথে স্ক্যান করা একটু কঠিন৷ প্রথমে চার আঙুল একসাথে করে ফোনের পিছনের ক্যামেরার সামনে ধরুন যাতে এই চার আঙুলের প্রত্যেকটির প্রথম তিনভাগের একভাগ ফোনের স্ক্রিনে দেখানো আঙুলের আউটলাইনের মধ্যে থাকে৷ স্ক্রিনে যে আঙুলের প্রথম তিনভাগের একভাগের ওপর চারকোণা দাগ দেখাবে সেই আঙুলের ওপর ভালোভাবে আলো পড়ছে এবং আলো রিফ্লেক্ট করছে না তা নিশ্চিত করুন৷ কোনো একটি আঙুলের ওপর চারকোণা দাগ দেখানোর অর্থ হলো সেই আঙুলটা তখন স্ক্যান করা হচ্ছে৷ ফোন স্থির করে ধরে রাখুন৷ একেকটা আঙুল স্ক্যান করা হলে “Processing” মেসেজ দেখাবে এবং প্রসেসিং শেষ হলে আরেক আঙুল স্ক্যান করবে৷ 4. যে আঙুল স্ক্যান করা হচ্ছে সেটি যেন অবশ্যই স্ক্রিনে দেখানো আঙুলের আউটলাইনের মধ্যে থাকে, বাইরে থাকলে হবে না৷ 5. আঙুল স্ক্যান করতে অনেক সময় লাগতে পারে, ধৈর্য হারাবেন না৷ উপরের নির্দেশনা মতো এগিয়ে যান এবং ফোনের স্ক্রিনে দেখানো সব নির্দেশনা অনুসরণ করুন৷ ভিডিও লিংক: এই ভিডিওটি দেখে নিতে পারেন: saudi-visa-bio-app.mp4 এরকম আরো ভিডিও ইউটিউবে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন৷ আর কোনো সমস্যা? যদি কিছু মিস হয়ে থাকে বা অনেকবার চেষ্টা করার পরেও কোনো এক জায়গায় আটকে যান, তাহলে এই ফেসবুক পেইজে মেসেজ দিয়ে জানাতে পারেন: https://www.facebook.com/EnglishBengaliDictionary/posts/pfbid025SKn5tWQPbJWwzsXMje9o9WrZV99qqfnwGpaqw7hjQSNH88Dsd34iyFZuzs7TZBdl যারা ইতোমধ্যে এটা করে ফেলেছেন তাদের কেউ হয়তো সাহায্য করতে পারবেন৷
|
|||||||||
|
|
|||||||||
|
|
|
Make this your homepage | Bookmark us | Tell a friend | Send feedback |
|
|